জাতীয়

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। পরিদর্শনের এক পর্যায়ে সেখানে সংরক্ষিত একটি লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা একটি আলোচিত ফোনালাপও শোনেন তিনি।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে অতীতের শাসনব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরবে। তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসে আন্দোলন, আত্মত্যাগ ও বীরত্বের ঘটনাগুলোকে জাতীয় স্মৃতিতে সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সময় গুম ও হত্যাকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, দলিলপত্র, স্মারক এবং শহীদদের ব্যবহৃত বিভিন্ন নিদর্শন পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে গ্যালারিতে রাখা লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড শোনেন তিনি।

জাদুঘরের প্রদর্শনীতে আন্দোলনের বিভিন্ন ধাপ, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।