জাতীয়
ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেওয়া হবে না: মির্জা ফখরুল
‘ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে পাঁচ বছরও যেতে দেওয়া হবে না’ এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত দৃঢ় হবে। তবে শুধু সরকারের একার নয়, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল নির্বাচননির্ভর কোনো ব্যবস্থা নয়, বরং এটি একটি সংস্কৃতি। তাই ভিন্নমতের প্রতি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করা জরুরি।
রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান দুর্বল থাকলে গণতন্ত্রও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে না। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। কোনো ধরনের আত্মনিয়ন্ত্রণমূলক সেন্সরশিপ না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সরকার, গণমাধ্যমের মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে।