জাতীয়
রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল
রাষ্ট্রপতি পদে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে, এমন জল্পনা চললেও বিএনপির পক্ষ থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে বিএনপি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে। এ ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা থাকলেও তিনি রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব নিতে আগ্রহী নন।
এদিকে, গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকট বা সাংবিধানিক পরিবর্তনের সময় এ পদের গুরুত্ব বেড়ে যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই প্রতিবেদনে আন্তর্জাতিক পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা হওয়ার কথাও বলা হয়। তবে তার ঘনিষ্ঠ এক সহযোগীর দাবি, বর্তমানে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণেও তিনি আগ্রহী নন।
তবে এসব বিষয়ে বিএনপি কিংবা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।