জাতীয়
৪ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ।
এ ছাড়া সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াস ওয়ান পরিদর্শন করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
সফরে বিশেষ গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়ন। এসব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা নিয়মিত দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসীদের এই অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থাকার কথা রয়েছে।