জাতীয়

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ভারতের প্রতি আহ্বান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চেয়ে ভারতের প্রতি আহ্বান
ছবি: সংগৃহীত

ভারতের কাছে শেখ হাসিনাসহ একাধিক মামলার আসামিদের প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যা মামলার সঙ্গে জড়িতদেরও দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরেন। পরে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেবে ভারত। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যা মামলার সঙ্গে জড়িত আসামিদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও অনুরোধ জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।