জাতীয়

পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পার্বত্য অঞ্চল ও পাহাড়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের শান্তি, নিরাপত্তা ও পার্বত্য এলাকার স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটির অযৌক্তিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে একটি মহল ধারাবাহিকভাবে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের স্বার্থ এবং পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এসব কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে ঘিরে চলমান ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবিলা করতে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, ‘আদিবাসী’ শব্দ নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে কোনো ধরনের পাতানো ফাঁদে পা দেওয়া উচিত নয়। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার ও স্বাধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও তাদের সমান অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত গোলটেবিল বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিসহ সংশ্লিষ্টরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪০ জন বরেণ্য বক্তা তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।