জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, আজ শুরু বাছাই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম

রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, আজ শুরু বাছাই
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই হবে আজ রোববার (১৬ আগস্ট)।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। এ সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতির শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।