জাতীয়
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি ও তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি সরাসরি পড়েননি। তবে যতটুকু শুনেছেন, সেখানে কিছু বিষয় অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। তাই এমন অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গত ছয় মাস বা ১৮০ দিনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে সরকার বিভিন্ন সংস্কারমূলক কাজ ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। একই সময়ে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকট মোকাবিলা করতে হয়েছে সরকারকে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকট তৈরি হলেও দেশে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রাখার কথাও উল্লেখ করেন তিনি।
দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ সংকট সমাধানে কাজ করছে।
তিনি জানান, বিনিয়োগ ও শিল্প উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভাসমান এলএনজি টার্মিনালগুলোর যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যা মোকাবিলায় একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ এবং অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী কয়েক বছরের মধ্যে জ্বালানি সংকটের টেকসই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে।
বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়ার কথাও জানান তিনি। এ ছাড়া ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
খাদ্য নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি শক্তিশালী ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।
এদিকে তাকে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’