জাতীয়
বর্তমান সরকারের মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্তই বাস্তবায়ন
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন করা হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। ফলে এ সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭৪ শতাংশ।
গতকাল সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ মে থেকে জুলাই সময়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৩১ জুলাই পর্যন্ত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে মোট ১০৮টি সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে ৮০টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৭৪ শতাংশ। অন্যদিকে ২৮টি সিদ্ধান্ত, অর্থাৎ ২৬ শতাংশ, বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে মন্ত্রিসভা থেকে সাতটি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া একই সময়ে তিনটি আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে একটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দুটি বাস্তবায়নাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদের অধিবেশনে মোট ১০৪টি আইন পাস হয়েছে।