জাতীয়
দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ
দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, মানুষ কষ্ট পাচ্ছে, তাই প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নজরুলবর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, তার কারণে এখন জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্তমান সরকার জনগণের দেওয়া বড় বিজয়ের প্রতি সম্মান রেখে যেকোনো মূল্যে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।
তিনি বলেন, আগের সরকার ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। ফলে তারা জনগণের কথা ভাবেনি। ভোটের ব্যবস্থা সঠিক থাকলে সরকার সবসময় জনগণের কথা বিবেচনা করবে।
সরকারি তথ্য মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে স্থানীয় কার্যক্রমের ভিডিও ও লাইভ প্রচারের আহ্বান জানান।
ভুল তথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে ডা. জাহেদ বলেন, কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা, আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও বিভাগের কালচারাল অফিসাররা উপস্থিত ছিলেন।