জাতীয়
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন।
এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর একই বছর প্রথমবারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।