জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রশংসা করে তার জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করেন শফিকুর রহমান। পরে বিলটির প্রতিবেদন উপস্থাপনের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, সাগর যেমন মহান, উদার ও বিশাল, আলহামদুলিল্লাহ তারও কিছুটা প্রভাব পড়েছে। তিনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন। এ জন্য তাকে মোবারকবাদ জানান তিনি।

এরপর দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে শফিকুর রহমান বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি ওনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসার পাশাপাশি র‍্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠন করা হলে সে বিষয়ে বিরোধী দলের অবস্থানও তুলে ধরেন তিনি।

শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে এ ধরনের কোনো বিশেষায়িত বাহিনী গঠনের প্রয়োজন হলে বিরোধী দল বাধা দেবে না। তবে বিষয়টি নিয়ে ভালোভাবে পর্যালোচনা ও নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

র‍্যাবের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, র‍্যাবের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। নারায়ণগঞ্জের আট খুনের মামলা এর জ্বলন্ত প্রমাণ। এ ধরনের আরও অনেক ঘটনার ভুক্তভোগী পুরো জাতি।

বিলটি আরও পর্যালোচনা করে পরবর্তী সপ্তাহে সংসদে আনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এতে বিলটি পাস না হলেও ভবিষ্যতে আরও ভালো কিছু করার সুযোগ তৈরি হবে। তার ভাষায়, এই সংসদ মজলুমের সংসদ। জুলুমের কথা মনে পড়লে এখনো অনেকে ঘুমাতে পারেন না।

বক্তব্যে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। তাদের পরিবারের সদস্যদের ওপর অতীতের ঘটনার মানসিক প্রভাবের কথা উল্লেখ করেন তিনি।

সবশেষে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া করে শফিকুর রহমান বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি তার দিলটাকে বড় করে দাও।’

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিমুখে প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা জানান।