জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ না থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এ দায়িত্ব বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ-সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়-সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

তার অনুপস্থিতিতে সংসদে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের ভূমিকা আরও বিস্তৃত হলো।