জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের কেউ প্রার্থী হলে সমস্যা নেই: মীর শাহে আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের কেউ প্রার্থী হলে সমস্যা নেই: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। এতে কোনো রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার সুযোগও থাকছে না। তাই আওয়ামী লীগের কেউ প্রার্থী হলেও এতে কোনো সমস্যা নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহও জানিয়েছে দেশটি। অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনা যেতে পারে।