জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। গত ১৮ আগস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ১৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

পাঁচ আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ

রায়ে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খানের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন, বাজেয়াপ্ত করা সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় বিচার

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের এই রায়টি জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলোর মধ্যে সপ্তম রায়।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ছয় নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো।

৭ রায়ে সাজা ৬৮ আসামির

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাতটি রায়ে এখন পর্যন্ত মোট ৬৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ আসামির মধ্যে ১৮ জন বর্তমানে পলাতক এবং চারজন কারাগারে রয়েছেন।

মঙ্গলবারের রায়ে ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ রায় যুক্ত হলো।