জাতীয়

মালয়েশিয়ায় জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

মালয়েশিয়ায় জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই সাক্ষাতে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানান আহমাদুল্লাহ। সেখানে তিনি জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তার হাতে বইটি তুলে দেওয়ার বিষয়টি জানান।

আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এরই মধ্যে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এর আগে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকাল সন্ধ্যার দুআ ও জিকির বিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।

এবার ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাসনুন দুআ, জিকির ও তিলাওয়াত নিয়ে নতুন একটি বই প্রকাশের উদ্যোগের কথাও জানিয়েছেন আহমাদুল্লাহ। তিনি বলেন, ঘুমানোর আগে পড়া ও পালনের জন্য নির্ধারিত মাসনুন আমল সম্পর্কে মানুষের জানাশোনা ও আমল তুলনামূলকভাবে কম। তাই এ বিষয়কে কেন্দ্র করে নতুন বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আহমাদুল্লাহর প্রকাশিত বইটিতে সহিহ ও গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে দুআ সংকলন করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে দুআর মূল আরবি, বাংলা উচ্চারণ ও সহজ বাংলা অর্থের পাশাপাশি সংশ্লিষ্ট আমলের ফজিলত ও উপকারিতা হাদিসের সূত্রসহ উল্লেখ করা হয়েছে।

ছোট আকারের বইটি সহজে বহন এবং নিয়মিত আমলের উপযোগী করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে। তবে জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী সময়ে তিনি মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।