জাতীয়

খেলাধুলাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান স্পিকারের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

খেলাধুলাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান স্পিকারের
ছবি: সংগৃহীত

পাতানো খেলার অবসান ঘটিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার রাতে ঢাকার একটি ক্লাবে মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, বর্তমানে দেশে খেলাধুলার জন্য সুষ্ঠু পরিবেশ নেই। ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতা বাড়ানো গেলে মাদক প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে দেশের সব ক্লাবকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে ক্লাবগুলোর উন্নয়ন জরুরি। ঢাকার মাঠে ফুটবল ফিরিয়ে আনা না গেলে দেশের ফুটবলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।