জাতীয়
ওয়েজবোর্ড ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কাঠামো তৈরির উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং ওয়েজবোর্ডসহ তাদের পেশাগত অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন-এমন কেউ যাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা নিতে না পারেন, সে জন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা সুস্পষ্ট করা প্রয়োজন।
সোমবার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর কনসালটেশন সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সভায় আগের কনসালটেশন সভায় পাওয়া মতামতের ভিত্তিতে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কাঠামো প্রণয়ন করা প্রয়োজন। এর মাধ্যমে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সাংবাদিকরা যেন সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যথাযথভাবে পান, তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দেওয়া সহায়তা যেন প্রকৃত সাংবাদিকদের কাছেই পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবাদিক হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না-সে বিষয়ে একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য নীতিমালা থাকা জরুরি।
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির প্রস্তাবও দেন ইয়াসের খান চৌধুরী। এ ক্ষেত্রে আইনজীবীদের পেশাগত স্বীকৃতির জন্য বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক পরামর্শও চান তথ্য প্রতিমন্ত্রী।
সভায় মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ বিভিন্ন সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামও বক্তব্য দেন। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।