রাজনীতি

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ প্রদান করেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এর আগে সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন টিম। অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে ওবায়দুল কাদেরের উসকানিমূলক বক্তব্য এবং সরাসরি নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার বাহিনী শিক্ষার্থীদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ ও দমন-নিপীড়ন চালায়।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, আসামিদের দ্রুত গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এক বড় অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।