রাজনীতি
শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি লড়াইয়ে অংশ নিতে চান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি স্বেচ্ছায় দেশে ফিরবেন, আদালতের মুখোমুখি হবেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।
গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করে ভার্চুয়ালি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিবও। সেখানে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিজের অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেও ইঙ্গিত দেন।
আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করে সাকিব বলেন, তিনি যা সিদ্ধান্ত দেবেন, সেটিই তারা অনুসরণ করবেন। তার মতে, শেখ হাসিনাই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম এবং তার নির্দেশনাই মানা উচিত।
বর্তমানে সাকিবের বিরুদ্ধে দুটি মামলা সক্রিয় রয়েছে। এর মধ্যে একটি গণঅভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতির অভিযোগে দায়ের করা হয়েছে। হত্যা মামলাটিকে ‘হাস্যকর’ উল্লেখ করে সাকিব বলেন, যে দিনটির ঘটনায় তাকে আসামি করা হয়েছে, সেদিন তিনি কানাডার টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন।
এছাড়া গত এক দশক ধরে দেশের সর্বোচ্চ করদাতাদের একজন দাবি করে সাকিব বলেন, নিয়মিত কর পরিশোধের পরও তদন্তের নামে দীর্ঘ সময় ধরে তার ব্যাংক হিসাব স্থগিত রাখা হয়েছে। তদন্তে কোনো অনিয়ম না পাওয়া গেলে সেটি দ্রুত প্রত্যাহার করা উচিত বলেও মত দেন তিনি।