রাজনীতি
কারামুক্ত হয়ে ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন জামায়াত নেতা আজহারুল
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম কারামুক্ত হয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডসহ অন্যান্য দণ্ড বাতিল করে তাকে সকল অভিযোগ থেকে খালাস দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে তার মুক্তি কার্যকর হয়।
কারামুক্তির পর দুপুরে শাহবাগে জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন আজহারুল ইসলাম। তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই ৩৬ জুলাই ও ৫ আগস্টের মহাবিপ্লবী নায়কদের। ছাত্র সমাজের ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে রক্ত ঢেলে নতুন স্বাধীনতা এনে দিয়েছে।”
তিনি আরও বলেন, “এই সাড়ে ১৪-১৫ বছরের দম্ভ ও নির্যাতন আজ ভেঙে পড়েছে ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে।”
তবে আজহারুল ইসলাম জনগণের ভোগান্তির প্রসঙ্গ টেনে বলেন, “রাস্তা আটকে সমাবেশ করা হয়েছে, এতে যেন জনগণ কষ্ট না পায়। এখন বেশি কিছু বলবো না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে।”
এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয়টি ঘটনায় আজহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দিয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার তাকে খালাস দেয়।