রাজনীতি
আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াত ইসলামী
বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে নিয়েছে। গতকাল রবিবার দলটির আমিরের সঙ্গে এক বিদেশি রাষ্ট্রদূতের বৈঠকের ছবিতে এই লোগো প্রথমবারের মতো সামনে আসে এবং তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা।
রবিবার দলটির ফেসবুক পেজে জামায়াত আমিরের সঙ্গে এক দেশের রাষ্ট্রদূতের বৈঠকের ছবি পোস্ট করা হয়। সেখানেই দেখা যায় নতুন লোগো—সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য, তার ওপরে একটি কলম (যা দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে), গ্রন্থের দুই প্রান্ত থেকে অর্ধবৃত্তাকার নকশা এবং নিচে সোনালি অক্ষরে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। এছাড়া সোনালি রঙের ওপর সাদা অক্ষরে আরবি ও ইংরেজি ভাষায়ও দলটির নাম যুক্ত ছিল।
তবে সোমবার দলটির পেজে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়, যেখানে সেই নতুন লোগো আর দেখা যায়নি। ছবিতে লোগোর স্থানে ফাঁকা জায়গা লক্ষ্য করা গেছে। যদিও সোনালি অক্ষরে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ অংশটি অপরিবর্তিত ছিল।
এর আগে রবিবারই জামায়াত নেতারা গণমাধ্যমকে জানিয়েছিলেন, দলের লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। কয়েকটি নতুন লোগো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এবং শিগগিরই একটি লোগো চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।
এদিকে সোমবার সকাল ৯টায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি এবং দূতাবাসের কাউন্সেলর জিগড্রেল ওয়াই শেরিং। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।