রাজনীতি
জামায়াতের প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা
রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির ভূমিকা তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে বিশেষভাবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের অবদান। আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুল এলাকায় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আবেগঘন আহ্বান জানিয়েছিলেন—‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’। তার এই ডাক সে সময় আন্দোলনকারীদের মধ্যে ঐক্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হচ্ছে।
এই বাক্যটি পরবর্তীতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম পরিচিত ও আবেগঘন স্লোগানে পরিণত হয়। প্রদর্শনীতে আবিদের সেই সময়কার ভিডিওচিত্রও প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
অন্যদিকে, প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকা না থাকায় দর্শকদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শনিবার ডা. শফিকুর রহমান ব্যাখ্যা দিয়ে বলেন, প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। তার মতে, জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা না করায় তার ভাষণ বা ভূমিকা এখানে অন্তর্ভুক্ত করা হয়নি।