রাজনীতি

রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খানের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় রাশেদ খানকে নিয়ে এ মন্তব্য করেন সাদ্দাম।

এর আগে একইদিন রংপুরে এসে বিরোধী দলগুলোর লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে নানা অভিযোগ করেন রাশেদ খান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা ছাত্রশিবির সভাপতিকে প্রশ্ন করেন।

জবাবে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাশেদ খান বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তার এই পদের বিষয়ে তারা সন্দিহান। তার কাছে নিজের পদের দায়িত্ব সম্পর্কে জানতে চাইলেও সম্ভবত তিনি স্পষ্ট উত্তর দিতে পারবেন না। তার একমাত্র কাজ জামায়াত ও শিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা এবং ইতিবাচক বিষয়কেও নেতিবাচকভাবে উপস্থাপন করা।

বিরোধী দলগুলোর লংমার্চ প্রসঙ্গে সাদ্দাম বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি রয়েছে। পাশাপাশি প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবিও রয়েছে।

দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে তিনি বলেন, জুলাই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লংমার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে সাদ্দাম বলেন, এ ধরনের বক্তব্য আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরানোর অপচেষ্টা। বিরোধী দল নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।

তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য কী, তা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং সরকারকে এ বিষয়ে কথা বলা উচিত। কিন্তু দৃষ্টি অন্যদিকে ফেরাতে জ্বালানি তেলসহ বিভিন্ন বিষয় সামনে আনা হচ্ছে।

বিরোধী দল বা ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির পূর্ণ সমর্থন দিচ্ছে বলেও জানান সাদ্দাম। তিনি বলেন, সংগঠনের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার চেষ্টা করছেন তারা।

এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগও করেন ছাত্রশিবির সভাপতি। তার দাবি, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে। তবে এসব দাবির পক্ষে দেওয়া বক্তব্য ও উদাহরণকে নিজের রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে তুলে ধরেন তিনি।

সবশেষে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।