রাজনীতি
সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক হতে পারে না: রিজভী
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগ এলাকায় এই পরিবারে যান বিএনপির প্রতিনিধি দল। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রিজভী বলেন, “সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না। এই শোকের ভার কোনো ভাষায় প্রকাশ করা যায় না।”
তিনি আরও জানান, “মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
সাক্ষাৎকালে নিহত দুই ভাই-বোনের বাবা আশরাফুল আলম রিজভীর কাছে অনুরোধ জানান, যেন নাজিয়া ও নাফির কবরের জায়গায় আগামী দুই বছর অন্য কাউকে দাফন না করা হয়। এ বিষয়ে রিজভী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দেন এবং পরিবারকে সান্ত্বনা জানান।
এ সময় রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সফরের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।