রাজনীতি
বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ
বিএনপি যে কোনো সময় ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করতে প্রস্তুত—এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, “জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনীসহ লিখিতভাবে জবাব দিয়েছে। বিএনপি এই ঘোষণাপত্র বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করেছে।”
জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “ফেব্রুয়ারিতেই বিএনপি প্রস্তাবিত বিষয়গুলোর জবাব দিয়েছে। বিশেষ করে ২৬ মার্চের উপস্থাপন পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে, সে বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে।”
তাঁর ভাষায়, “বিএনপি যে কিছু বিষয়ে সংশোধনী চেয়েছে, তা গ্রহণ না করা হলে ঘোষণাপত্র প্রকাশের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।”
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আন্তরিকতা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন—এ বিষয়ে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। যারা বলছেন, বিএনপি স্বাক্ষর করবে না বা নিশ্চয়তা চাচ্ছে—তারা সত্য বলছেন না। আমরা গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
সালাহউদ্দিন আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে ‘সংস্কার কমিশন’ গঠনের বিষয়ে ১৯টি মূল বিষয়ের আলোচনা হয়েছে। এর মধ্যে ১২টিতে বিএনপি একমত হয়েছে এবং বাকি ৭টিতে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।
তবে ঘোষণাপত্র পাঠ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানের বিষয়ে বিএনপিকে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি।