রাজনীতি

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করে প্রশংসা পাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করে প্রশংসা পাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদলের আয়োজিত সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করে নজির স্থাপন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা দুপুরে সড়কেই খাবার গ্রহণ করেন। খাবার শেষে সড়কে পড়ে থাকে পানির বোতলসহ নানা ধরনের ময়লা-আবর্জনা। তবে সমাবেশ শেষে সন্ধ্যায় দেখা যায়, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ব্যবহৃত স্থান পরিষ্কার করে যাচ্ছে।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় ছাত্রদলের কর্মীদের হাতে ঝাড়ু, পলিথিন ব্যাগ ও ডাস্টবিন দেখা যায়। তারা সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে জানান।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে যেসব কেন্দ্রীয় নির্দেশনা দেওয়া হয়েছিল, তার অন্যতম ছিল—সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। সেই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখেই তারা সড়কের আবর্জনা অপসারণ করেন।

কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান বলেন, "পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজ আমাদের সমাবেশ ছিল, হাজারো মানুষ এসেছেন, কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় রাস্তায় ময়লা ফেলেছেন। তাই আমরা মনে করি এটি পরিষ্কার করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, শুধু রাস্তাই নয়—এই দেশ থেকেও সকল রাজনৈতিক ও সামাজিক ময়লা দূর করে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।"

ছাত্রদলের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, রাজনীতিতে শৃঙ্খলা, সচেতনতা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে।