রাজনীতি

শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম

শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেবল রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই চলবে না, অর্থনীতি ও গণমাধ্যমসহ প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে।

তার মতে, শুধু ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই গণতন্ত্র পূর্ণতা পায় না; জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি গণতন্ত্রের প্রতিফলন না ঘটে, তবে গণতন্ত্র কার্যকর হয় না।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ যদি অর্থনীতিতে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হতে না পারে, তবে গণতন্ত্র সফল হবে না। একইভাবে সাংবাদিকরা যদি মুক্ত পরিবেশে দায়িত্বশীল সাংবাদিকতা করতে না পারেন, তাহলেও গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না।

এ সময় শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা পালানোর পর মানুষের আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই।”