রাজনীতি
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন।
শনিবার (২৩ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বিএনপি দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এই বিজ্ঞপ্তি পোস্ট করেছে।
রিজভী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গত ২২ আগস্ট তার স্বাক্ষর জাল করে একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যে তৈরি। তিনি আরও বলেন, বিএনপি দফতর থেকে তার স্বাক্ষরিত কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি, তাই নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন না।