রাজনীতি

ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে তা যথার্থ ছিল না: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে তা যথার্থ ছিল না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সঠিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, নির্বাচনে অনিয়মের যে অভিযোগ উঠেছে, সেগুলোর প্রতি প্রশাসনের ছিল চরম অবহেলা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ এলাকায় আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, “ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে এটাই প্রমাণ করে নির্বাচন কতটা প্রহসনমূলক ছিল। প্রশাসন এসব অনিয়ম ধামাচাপা দিতে চেয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে একতরফাভাবে নির্বাচন আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী ব্যবস্থাকে কবরে পাঠিয়েছেন শেখ হাসিনা। আজ তার দেখানো পথেই চলছে বিভিন্ন নির্বাচন। এভাবে কাউকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা জাতি মেনে নেবে না।”

বিএনপি নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, “সরকারি প্রতিষ্ঠানে বসে একটি শ্রেণি অসৎ উপায়ে লাভবান হচ্ছে। এসব ঠেকাতে অন্তর্বর্তী সরকারের নজরদারি প্রয়োজন। এই ধারা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “শেখ হাসিনা নানা কৌশলে মানুষের নৈতিকতা ও মূল্যবোধ ধ্বংস করেছেন। আমরা তাকে একবার বিদায় করতে পেরেছিলাম, কিন্তু এখনও অনেক ষড়যন্ত্র সামনে রয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশ চায়, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”