রাজনীতি

মনোনয়নবঞ্চিত রুমিন ফারহানার পাশে দাঁড়ালেন হিরো আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

মনোনয়নবঞ্চিত রুমিন ফারহানার পাশে দাঁড়ালেন হিরো আলম
রুমিন ফারহানা ও হিরো আলম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। এর মধ্যে রয়েছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন)।

এই প্রেক্ষাপটে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম রুমিন ফারহানার পক্ষে সমর্থন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে মনোনয়ন দেওয়ার জন্য।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে এক পোস্টে হিরো আলম লেখেন, “বিএনপির দুঃসময়ের সাথি, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর একাধিকবার হামলার সময় তিনি বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছিলেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে যোগ্য ও জনপ্রিয়। কিন্তু তাকে বাদ দিয়ে মনোনয়ন না দেওয়া অন্যায়।”

তিনি আরও লেখেন, “আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে আগামী দিনের দেশগড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করুন। স্বৈরাচারমুক্ত দেশ গঠনে রুমিন ফারহানা আপার মতো নেতৃত্বের আজ ভীষণ প্রয়োজন।”

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য এবং দলের একজন সক্রিয় ও মুখপাত্র হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে দলে আলোচনা ও আগ্রহ অব্যাহত রয়েছে।