রাজনীতি

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা
ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা। ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল তার প্রায় ৫০ জন অনুসারীকে নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিবির নেতৃবৃন্দের মধ্যেও পরিবর্তনের বাতাস বইছে রুবেলদের সিদ্ধান্ত তারই প্রমাণ। তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে এ তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় মো. রুবেল জানান, শিবির ও জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু প্রশ্ন তার মনে জাগলে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ান। এরপর ছাত্রদলে যোগ দেওয়ায় নানা ধরনের হুমকির মুখোমুখিও হতে হয়েছে।

২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় তিনি ছাত্রশিবিরে যুক্ত হন। পরে রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

অতীতের কথা স্মরণ করে রুবেল বলেন, জীবনের একটি বড় অংশ ভুল পথে ব্যয় করেছেন; সময়ের সঠিক ব্যবহার না জানার কারণেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানান, মামলার জটিলতা ও নানা ঝামেলার মধ্য দিয়ে যেতে হলেও এবার তিনি সঠিক পথে নতুনভাবে এগিয়ে যেতে চান।