রাজনীতি
জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু
রাজনীতিবিদদের প্রতিই জনগণের আস্থা তৈরি ও পুনর্গঠনের দায়িত্ব রাজনীতিবিদদেরই-এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাজনীতির ওপর জনগণের আস্থা কমে গেছে-এটি সত্য। এই আস্থা ফিরিয়ে আনতে হলে রাজনীতিবিদদেরই দায়িত্ব নিতে হবে এবং তা করতে হবে জবাবদিহিতার মাধ্যমে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশে যারা জনগণের আকাঙ্ক্ষা ও জবাবদিহিতার বিষয়কে ধারণ করতে ব্যর্থ হবে, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সংস্কার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেই বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশীল সমাজকে কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয়। কোনো সরকার একা সব সমস্যার সমাধান দিতে পারে না; বাস্তবায়নে অংশীদারিত্ব প্রয়োজন।
বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি খাত, সুশীল সমাজ এবং এনজিওসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও জানান তিনি।