রাজনীতি

একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণের ভোটের অধিকার ও বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এসব অপকর্ম করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভোট প্রদান শেষে ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে। তিনি বলেন, দেশটি আমাদের সবার—সব ধর্ম, সব শ্রেণি-পেশার মানুষের। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। নিজের ঘর যেমন আমরা যত্ন করে সাজাই, তেমনি বাংলাদেশকেও সাজাতে হবে। দেশ একটি ঘরের মতো, আর দেশের মানুষ একটি পরিবারের মতো।

বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তিনি আরও বলেন, হাতিয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। অতীতে এই এলাকার মানুষ অনেক প্রতিনিধিকে দেখেছে, কিন্তু তারা নদীভাঙন, বেড়িবাঁধ নির্মাণ ও ব্লকবাঁধসহ মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তারেক রহমান বলেন, তবে এ কাজে জনগণেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো ধানের শীষকে বিজয়ী করা। বিএনপি ক্ষমতায় এলে হাতিয়ার মানুষের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুললাহিল মজিদ নিশানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।