রাজনীতি
রুমিন ফারহানার প্রচারণায় যুক্ত থাকায় বিএনপির আরও ৬ নেতা বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (২৯ জানুয়ারি) সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য উসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুকুল হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এই ছয় নেতা রুমিন ফারহানার পক্ষে সরাসরি মাঠে নেমে প্রচারণায় যুক্ত ছিলেন। বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বহিষ্কৃত কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, এত দিন নীরবে রুমিন ফারহানার পক্ষে কাজ করলেও এখন প্রকাশ্যেই প্রচারণা চালাবেন। তিনি দাবি করেন, দলকে ভালোবাসেন বলেই তিনি একজন যোগ্য প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন এবং যোগ্য প্রার্থীকে সংসদে পাঠানোর প্রত্যাশা রাখেন।
অন্যদিকে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পাননি। তার ভাষ্য, সংশ্লিষ্ট নেতারা দীর্ঘদিন ধরেই দলীয় শৃঙ্খলা মেনে চলছিলেন না-এমন তথ্য তাদের কাছে ছিল।
উল্লেখ্য, এর আগেও একই কারণে গত বুধবার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়। এছাড়া গত মঙ্গলবার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই প্রতিদ্বন্দ্বিতার মাঠে সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তিনি ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।