রাজনীতি
জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াত ইতিহাসে মুনাফিক দলের পরিচয় বহন করে এবং তাদের কারণে দেশের মানুষ বারবার কষ্টের মুখোমুখি হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তারা ৩০ লাখ মানুষ হত্যা করেছিল। এখনও তারা হত্যার হুমকি দিচ্ছে। বরকত উল্লাহ বুলু বলেন, “এত সোজা না, এটি বাংলাদেশ। আপনাদের কাছে এ দেশ কখনো জিম্মি হয়নি।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজার সংলগ্ন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলু আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত দেশের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। তারা ফতুয়া জারি করেছিল যে, যুদ্ধকালীন মা-বোনরা গনিমতের মাল হিসেবে গ্রহণযোগ্য। জামায়াত চাঁদা নিলে এটাকে ‘হাদিয়া’ বলা হয়, অন্যরা নিলে তা হয় চাঁদাবাজি। ২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের কোনো শিল্পপ্রতিষ্ঠান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। এরা মুনাফিক দল, তাই এদেরকে বয়কট করতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশের সকল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। তাদের অবদানে প্রায় কোটি মানুষ প্রবাসে চাকরিতে নিয়োজিত, যার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ছিল জিয়াউর রহমানের। পরে সেই রেকর্ড ভেঙ্গে সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগ পর্যন্ত আর কারও ভাগ্যে এত বড় জানাজা হবে কি না, সন্দেহ রয়েছে।”
বুলু আরও বলেন, “বিএনপি একটি দল যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণকে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ, বিএনপি নেতা আবু নাসের মামুন, তারেকুজ্জামান তারেক, মোরশেদ আলম, সাবেক ছাত্রদল নেতা জিয়া উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া পিটলু, দেলোয়ার হোসেন জসিম সহ অনেকে।