রাজনীতি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটি জানিয়েছে, শুক্রবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতারাও বক্তব্য দেবেন।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন তৈরি ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নেতারা আশা করছেন, মে দিবসে শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ অন্যান্য নেতারা।