রাজনীতি
জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন
বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াতে ইসলামীর অধিকাংশ সংসদ সদস্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মতো। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে যাদের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারাই এখন নতুন বিপ্লবের কথা বলছেন।
বুধবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, অধ্যাপক জাফর ইকবালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ থাকলেও তিনি যুদ্ধে অংশ নেননি। তবে পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম শক্তিশালী কণ্ঠ হয়ে ওঠেন। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, প্রকৃত মুক্তিযোদ্ধারাও তার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও জাফর ইকবাল বড় মুক্তিযোদ্ধার মর্যাদা পেয়েছেন—এবং একইভাবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর জামায়াতের কিছু নেতা ও বুদ্ধিজীবীদের অবস্থানও তেমন হয়ে উঠেছে।
রাশেদ খাঁনের অভিযোগ, গত ১৭ বছরে যারা রাজপথে সক্রিয় ছিলেন না, তারাই এখন আন্দোলন ও জুলাইয়ের ঘটনা নিয়ে বেশি কথা বলছেন। যারা কখনো শেখ হাসিনাকে স্বৈরাচার বলেননি বা রাষ্ট্র সংস্কারের দাবি তোলেননি, তারাই এখন এসব বিষয় নিয়ে উচ্চকণ্ঠ—যা এসব শব্দের গুরুত্ব কমিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি দাবি করেন, জামায়াতের নারী সংসদ সদস্যদের কাউকেই কখনো রাজপথে দেখা যায়নি এবং পুরুষ সদস্যদের অনেকেই আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন না। উদাহরণ হিসেবে তিনি এক প্রার্থীকে তুলে ধরে বলেন, যাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে চেনা গেলেও ৫ আগস্টের আগে তার কোনো রাজনৈতিক উপস্থিতি চোখে পড়েনি।
শেষে তিনি মন্তব্য করেন, এসব নেতাদের বক্তব্য অনেকটা যুদ্ধ শেষে ইতিহাস বর্ণনাকারীর মতো—যারা আন্দোলনের সংগঠক নয়, বরং পরে এসে বিপ্লবের গল্প বলেন।