রাজনীতি

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এক দফা ঘোষণার বিষয়টি তারা স্বীকার করেন, তবে এর পেছনে মূল ভূমিকা ছিল জনগণের। তিনি বলেন, নাহিদ ইসলাম ফ্যাসিস্ট সরকার পতনের ডাক দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়েছিল সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে।

শনিবার সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও প্রগতিশীল ধারার অনেক নেতা এনসিপি থেকে সরে গেছেন। ডা. তাসনিম জারাসহ কয়েকজন তরুণ নেতা দল ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, এনসিপি জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। তার দাবি, বর্তমান সময়ে এনসিপির স্বতন্ত্র অবস্থান আর নেই।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের দিকে টানার চেষ্টা করছে এনসিপি। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের এই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে তুলে ধরছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মাহফুজ আলম নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

জামায়াতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, দলটির আমির ডা. শফিকুর রহমান অভ্যুত্থানের পর ভিন্ন অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে আন্দোলনের সঙ্গে প্রথম বেইমানি করেছেন বলে তিনি দাবি করেন।

রাশেদ খান আরও অভিযোগ করেন, একসময় জামায়াতকে স্বাধীনতাবিরোধী বললেও পরবর্তীতে এনসিপির নেতারা একই দলের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। তার দাবি, এনসিপির নির্বাচনী কার্যক্রমেও জামায়াতের আর্থিক সহায়তা রয়েছে।