রাজনীতি
মৌলিক সংস্কারে ঐকমত্য এখনও অনেক দূর: আখতার হোসেন
মৌলিক সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এখনও সম্মিলিত ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকের আলোচনায় মৌলিক সংস্কারে ঐকমত্য গড়তে পারিনি। বিএনপির আপত্তির কারণে সাংবিধানিক পদের নিয়োগ কমিটি গঠন আটকে আছে। মৌলিক সংস্কার প্রশ্নে বিএনপিসহ কয়েকটি দলের অনমনীয় অবস্থানের কারণেই আলোচনা এগোয়নি।”
তিনি অভিযোগ করে বলেন, “ঐকমত্য কমিশনের প্রচেষ্টা প্রশংসনীয় হলেও সেটি এখন অত্যধিক নমনীয়তায় গড়িয়েছে। কিছু দল যেমন বিএনপি ও তার সহযোগীরা মৌলিক বিষয়গুলোতেও দ্বিমত পোষণ করছে। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কমিশন। এটা আমাদের উদ্বিগ্ন করছে।”
আখতার হোসেন আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, বিকেন্দ্রীকরণ থাকবে। যদি প্রধানমন্ত্রীর অধীনে পূর্বের মতোই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, তবে এই কমিশনের আলোচনা অর্থহীন হয়ে দাঁড়ায়।”
তিনি স্পষ্টভাবে জানান, “আমরা বলেছি—সংবিধান সংশোধনে উচ্চকক্ষ আবশ্যক। নিম্নকক্ষে যেমন দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, তেমনি উচ্চকক্ষেও সেটি লাগবে। আর কিছু মৌলিক বিষয় আছে, যা কেউ এককভাবে পরিবর্তন করতে পারবে না।”
এই মন্তব্যের মাধ্যমে এনসিপি স্পষ্ট করেছে—সরকার কাঠামোয় গভীর সংস্কার ও শক্তিশালী বিকেন্দ্রীকরণ ছাড়া তারা ঐকমত্যে পৌঁছাতে আগ্রহী নয়।