রাজনীতি
চরমোনাই দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধিদল
বরিশাল বিভাগে চলমান 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল চরমোনাই দরবারে পৌঁছালে তাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
দরবার শরীফে পৌঁছানোর পর এনসিপি নেতারা চরমোনাই পীরের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দেশ, জাতি ও সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন দুই দলের নেতারা। আলোচনার একপর্যায়ে চরমোনাই পীর ফয়জুল করীম ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ জানান, এনসিপির প্রতিনিধিদল রাতে চরমোনাই দরবার শরীফে অবস্থান করেন এবং পীর সাহেবের আমন্ত্রণে রাতের খাবার গ্রহণ করেন। পরে তারা বরিশাল নগরীতে ফিরে যান।
এ সময় উপস্থিত নেতারা বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চরমোনাই দরবারে এ সফর ছিল শ্রদ্ধা, সংলাপ ও জাতীয় ঐক্যের অংশ হিসেবে একটি ইতিবাচক উদ্যোগ।