রাজনীতি
গোপালগঞ্জ হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ (শুক্রবার, ১৮ জুলাই) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এ কর্মসূচির আওতায় বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
সমাবেশে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হবে। সেগুলো হলো—
১. গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
২. হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
৩. অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জোরদার করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার, উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলটির নেতারা বলেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত না হলে সারাদেশে আরও বড় আন্দোলনে যাওয়া হবে।”