রাজনীতি
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়, টেন্ডারবাজের দল নয়। এনসিপি জন্ম নিয়েছে সংকট থেকে, সমস্যা সমাধান করেই উঠে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে।”
শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতে তুলে দেওয়া হবে। আমাদের সামনে এখনো বড় লড়াই আছে—সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আওয়ামী লীগের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগের একটি পক্ষ সুবিধা নিয়ে লেখক হয়েছে, অ্যাক্টিভিজম করেছে, মিডিয়া খুলেছে—তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগ সরাসরি না ফিরলেও, তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”
তিনি আরও বলেন, “নতুন করে আবার দেখা যাচ্ছে মুজিববাদের পাহারাদার তৈরি হচ্ছে। তারা কথায় কথায় আমাদের বাংলা ছাড়তে বলছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলি—চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তাদের বাপ-দাদার।”