রাজনীতি

নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এনসিপি আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসনাত বলেন, “নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের শক্তি জড়িত। ৫ আগস্টের পর নির্বাচন কমিশন গঠনের সময় বিএনপি, জামায়াত এবং আর্মির প্রতিনিধিদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ গঠন করা হয়। এটাকে এক ধরনের কেকের মতো ভাগাভাগি করা হয়েছে। এখন নির্বাচন কমিশন মূলত তাদের পারপাস সার্ভ করছে। সংস্কার ও মার্কা নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার এবং আমরা সেই অবস্থানে এখনো আছি।”

বেলা ১১টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমীতে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। এরপর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদার বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি বরগুনায় একটি আহ্বায়ক কমিটি গঠন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।

শাপলা প্রতীক নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। শাপলা কলি প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোন নীতিমালার অধীনে এটি অন্তর্ভুক্ত হয়েছে, তা স্পষ্ট নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মার্কা দেওয়া নিয়েও নির্বাচন কমিশন কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। এটি নির্দেশ করে যে, কমিশনের মার্কা অন্তর্ভুক্তি বা না করার সিদ্ধান্ত এক ধরনের সেচ্ছাচারিতার পরিচায়ক।”

বরগুনায় অনুষ্ঠিত সমন্বয় সভার উদ্দেশ্য ছিল এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।