রাজনীতি
জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
জুলাইয়ের আগেও এবং পরেও দেশে ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভোটে অনিয়ম হয়েছে, তবে এবার ফল প্রকাশের পর তা সংঘটিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল ‘মিডনাইট নির্বাচন’, যেখানে ফল প্রকাশের আগেই ভোট কারচুপি করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে নতুন ধরনের কৌশল দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, এবার ফল ঘোষণার পর ভোট চুরি করা হয়েছে। তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকলেও বিএনপি সেই ভোট আত্মসাৎ করেছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তরুণ প্রজন্মের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা বা সংস্কার সম্ভব নয়। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ছয় মাসে একটি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়নি এবং নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও দেখা যায়নি।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মাঝে মাঝে যেত, এখন উল্টো চিত্র—মাঝে মাঝে আসে। তার অভিযোগ, বর্তমান সরকার মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদে লোডশেডিং না থাকার কথা বললেও বাস্তবে অনেক এলাকায় দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বলে দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় নেতা-কর্মীরা।