রাজনীতি
বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন: বিএনপিকে সারজিস আলমের আহ্বান
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন এবং নিপীড়নের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা জরুরি। বাবরের মতো নেতাদের অবমূল্যায়ন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার নেত্রকোনা পৌরসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নেত্রকোনা একটি মজলুম নেতার জেলা লুতফুজ্জামান বাবরের জেলা। তিনি দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর কারাগারে ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেও সময় কাটিয়েছেন। সম্প্রতি বাবর নিজেই বলেছেন, ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি। আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেছেন।’
তিনি আরও বলেন, নিজের প্রাপ্তি ও বাস্তবতা স্বীকার করার মতো সৎসাহস বাবরের রয়েছে, যা প্রশংসার যোগ্য।
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। যাদের মন্ত্রী হওয়ার কথা, তাদের কেবল সংসদ সদস্য করে রাখা হয়েছে। এতে বোঝা যায়, দীর্ঘদিন যারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের ধীরে ধীরে পাশে সরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশের লড়াই হবে আধিপত্যবাদ, জুলুম, অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে। এই সংগ্রামে যারা পরীক্ষিত, তাদেরই মূল্যায়ন করতে হবে। বর্তমানে যাদের অবহেলা করা হচ্ছে, ভবিষ্যতে তাদের প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হবে।