রাজনীতি

হামলা চালিয়ে কারও হাত কারও পা ভেঙে দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

হামলা চালিয়ে কারও হাত কারও পা ভেঙে দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে মৌলভীবাজারের উদ্দেশে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হামলার অভিযোগ তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ঘটনার একটি ভিডিও চিত্রও প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজারের দিকে যাওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের গাড়িবহরে হামলা চালায়।

তিনি দাবি করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা পালন করেননি। হামলাকারীরা তাদের মিডিয়া টিমের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং চালকসহ মিডিয়া কর্মীদের ওপর হামলা চালায়।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, হামলায় সারজিস আলমকেও আক্রমণের শিকার হতে হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। এতে কারও হাত ও কারও পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনাকে ‘বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক বিরোধ মোকাবিলায় অস্ত্র ও সহিংসতার পথ বেছে নেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা।