রাজনীতি
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। ওই পোস্টে তিনি জানান, এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।
এনসিপিতে দায়িত্ব পালনকালে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসে দলটি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দলের নেতৃত্ব ও দিকনির্দেশনা নিয়ে তিনি হতাশা প্রকাশ করে জানান, এ কারণেই এনসিপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের ইতি টানছেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানে ব্যাপক আত্মত্যাগের পরও দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই বলে মনে করেন মীর আরশাদুল হক। তারেক রহমানের নেতৃত্বগুণ, দূরদর্শী চিন্তা ও বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনাই তাকে বিএনপির প্রতি আকৃষ্ট করেছে বলেও জানান তিনি।
শেষে তরুণদের উদ্দেশে তিনি বলেন, আবেগ বা সাময়িক হুজুগে না ভেসে দেশের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে সমর্থন দেওয়া উচিত।