রাজনীতি
আ. লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সহসভাপতি বাদল মুন্সীসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তারা।
এ সময় নির্বাচনি জনসভায় ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে এক বছর আগে এই আওয়ামী লীগের ঘাঁটিতে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আমি নেতাকে বলে ছিলাম, এত লড়াই সংগ্রাম করে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। সামনে সুদিন আসছে। আমাকে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় আবারও যুদ্ধ করতে পাঠালেন, নেতা বলেছিলেন, পলি মাটিতে সবাই ফসল ফলাতে পারে কিন্তু পাথরের মধ্যে বা মরুভূমিতে ফসল ফলানোটাই হচ্ছে প্রকৃত কর্মী।
তিনি আরও বলেন, আমি তার নির্দেশ নিয়ে আপনাদের কাছে এসেছি, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এখন বিএনপিতে এসেছেন। আমি যেখানে যাই সেখানেই শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে যাই। মানুষের ভালোবাসায় আমি ঘুমাতেও পারি না। অনেক সময় ফজরের নামাজের পরে আমাকে ঘুমাতে হয়। এভাবেই মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ইনশাআল্লাহ আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা করছি।