রাজনীতি

ব্যারিস্টার সুমন কোন মায়ের সন্তান হত্যার কারণে জেলে, প্রশ্ন তারেক রহমানের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

ব্যারিস্টার সুমন কোন মায়ের সন্তান হত্যার কারণে জেলে, প্রশ্ন তারেক রহমানের
ছবি: সংগৃহীত

আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিনের জন্য আবেদন জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের কারণে তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক।”

মো. তারেক রহমান আরও বলেন, “ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটি কী? এটি কি শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে আটক রাখা হয়েছে, নাকি সত্যিই হত্যার অভিযোগ আছে? সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে রয়েছে। শুধু পরিচিতির কারণে কি তাকে আটক রাখা হয়েছে? আমি তার অনেকবার সমালোচনা করেছি, কিন্তু যদি তিনি হত্যায় জড়িত না হন, তাহলে তার মুক্তি চাই।”

তিনি বলেন, “আমি একজন আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম। জানতে চাই, কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন।”

শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, “ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।”